আমি হব না তাপস, হব না, হব না,
যেমনি বলুন যিনি।
আমি হব না তাপস, নিশ্চয়, যদি
না মেলে তপস্বিনী।
আমি করেছি কঠিন পণ
যদি না মিলে বকুলবন,
যদি মনের মতন মন
না পাই জিনি,
তবে হব না তাপস, হব না, যদি না
পাই সে তপস্বিনী॥
আমি ত্যজিব না ঘর, হব না বাহির
উদাসীন সন্ন্যাসী,
যদি ঘরের বাহিরে না হাসে কেহই
ভুবন-ভুলানো হাসি।
যদি না উড়ে নীলাঞ্চল
মধুর বাতাসে বিচঞ্চল
যদি না বাজে কাঁকন-মল
রিনিক্ঝিনি,
আমি হব না তাপস, হব না, যদি না
পাই গো তপস্বিনী॥
আমি হব না তাপস, তোমার শপথ,
যদি সে তপের বলে
কোনো নূতন ভুবন না পারি গড়িতে
নূতন হৃদয়তলে।
যদি জাগায়ে বীণার তার
কারো টুটিয়া মরমদ্বার
কোনো নূতন আঁখির ঠার
না লই চিনি,
আমি হব না তাপস, হব না, হব না,
না পেলে তপস্বিনী॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৪৬ বার পঠিত
শেষের কবিতা
৮১২১ বার পঠিত
অভিমান
৫৭৪১ বার পঠিত
অপরিচিতা
৫০৭৬ বার পঠিত
সোনার তরী
৪২৬০ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়