আয়রে ভোলা খেয়াল-খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়।
আয় যেখানে ক্ষ্যাপার গানে
নাইকো মানে নাইকো সুর,
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন সুদূর।
আয় ক্ষ্যাপা-মন ঘুচিয়ে বাঁধন
জাগিয়ে নাচন তাধিন্ ধিন্,
আয় বেয়াড়া সৃষ্টিছাড়া
নিয়মহারা হিসাবহীন।
আজগুবি চাল বেঠিক বেতাল
মাতবি মাতাল রঙ্গেতে-
আয়রে তবে ভুলের ভবে
অসম্ভবের ছন্দেতে।
কবিতা — আবোল তাবোল
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
অন্যান্য কবিতা
৪০১১
এআই বিশ্লেষণ (মূলভাব)
সুকুমার রায়ের 'আবোল তাবোল' কবিতাটি খেয়ালখুশি ও আজগুবি কল্পনার এক অপূর্ব মেলবন্ধন। এখানে কোনো বাঁধাধরা নিয়ম বা হিসাব নেই, আছে কেবল ছন্দের তালে মেতে ওঠার স্বাধীনতা। নিয়ম ভাঙা আর অদ্ভূত আনন্দের মধ্য দিয়ে মনকে অসীম সুদূরে ভাসিয়ে নিয়ে যাওয়াই এই কবিতাটির মূল সুর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈