ঘোমটা তোমার নতুন পাতায়,
‎ফুল ফোটানোর সাজে,
‎সবুজ আঁচল উড়িয়ে তুমি
‎রও যে বনের মাঝে।
‎
‎কচি পাতার আড়াল হতে
‎উঁকি দেয় ঐ কুঁড়ি,
‎রঙিন স্বপ্নে বিভোর হয়ে
‎উড়ায় আশার ঘুড়ি।
‎
‎​সকাল হলে ফুল ফোটে সব
‎হাসে যে ধরাতল,
‎পাপড়িগুলোর ডগায় কাঁপে
‎বিন্দু শিশির জল।
‎
‎মৌমাছিরা গান শুনিয়ে
‎মধু যে নিতে আসে,
‎সৌরভেতে মাতাল বাতাস
‎আকুল হয়ে হাসে।
‎
‎​প্রখর রোদে তপ্ত হয়েও
‎ছড়ায় তারা মায়া,
‎তৃষ্ণার্ত ঐ পথিক খোঁজে
‎একটুখানি ছায়া।
‎
‎গর্বে যখন আকাশপানে
‎তাকায় কুসুম রাশি,
‎হঠাৎ দেখি মলিন মুখে
‎ফুরিয়ে এলো হাসি।
‎
‎​সন্ধ্যা হলে ঝরে তারা
‎অন্ধকারের টানে,
‎বিদায়বেলার সুর বাজে আজ
‎ঝরা ফুলের ঘ্রানে।
‎
‎রঙ হারানো শুকনো পাপড়ি
‎ধুলোয় মেশে শেষে,
‎দিনের বেলার সেই বিলাসিতা
‎হারায় নিরুদ্দেশে।
‎
‎​তবুও জানি কাল প্রভাতে
‎ফিরবে আবার আলো,
‎নতুন পাতার সবুজ ভিড়ে
‎বাসবে কুসুম ভালো।
‎
‎ঝরার মাঝেই লুকিয়ে থাকে
‎ফোটার পরম সুখ,
‎প্রকৃতি তাই নিত্য সাজায়
‎তারই অপরূপা মুখ।