তোমোকে স্পর্শ করতে গিয়ে কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনবার জন্য
দরোজার সঙ্গে
চুম্বক খণ্ডের মতো আমার
কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম
কোনো নির্জন মধ্য রাতে
-তুমি এসে ডেকে বলবেঃ
‘এই ওঠো, আমি এসেছি
আমি
আর অমি এ-কী শুনলাম
এমন উল্লাসে নিজেকে ছুড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে
ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতোবার যে আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার ঈশ্বর জানেন
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন
আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন-
আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপরও ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
কবিতা — শুধু তোমার জন্য
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
প্রেমের কবিতা
৭২৯৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'শুধু তোমার জন্য' কবিতাটি অত্যন্ত আবেগঘন ও গভীর অনুরাগের একটি প্রকাশ। কবি এখানে ঈশ্বরের দোহাই দিয়ে নিজের অব্যক্ত ভালোবাসা, অনুভূতির ব্যাকুলতা এবং নিঃশব্দ ভালোবাসার টান প্রকাশ করেছেন। প্রেমিকের প্রতি আত্মত্যাগ, অপেক্ষার প্রহর এবং জীবন-মৃত্যুর সংযোগে একমাত্র ভালোবাসার মানুষকে কেন্দ্র করে কবির জীবন চালিত হওয়ার সত্যটি সুন্দরভাবে ফুটে উঠেছে।