বাতাসের ফুসফুসে এখন
কার্বনের বদলে জমে থাকে মহাজনী সালফিউরিকের দাহ!
বনলতার চোখে বহুদিন
প্রেম নয়, ঘুমিয়ে আছে নিষ্ক্রিয় নাইট্রেটের নির্বাকতা।
আমার পূর্বপুরুষেরা
রক্তের আইসোটোপ হয়ে ভেসে গেছে
ভিটেমাটির দ্রবীভূত ইতিহাসে;
তবু মাটির গভীরে জেগে আছে
এক অদৃশ্য তাহরিরের আগুন।
শুনে রাখো, স্বৈরাচার ,
ক্ষুধার প্রতিটি অণুর ভেতর
নিষিদ্ধ এক সূর্য গোপনে নিউক্লিয়াস বাঁধে;
প্রতিটি শিরায়, প্রতিটি অনাহারে
বিপ্লবের রাসায়নিক সংকেত জ্বলে ওঠে।
একদিন মানুষের রক্তের
অতৃপ্ত ও অবিনশ্বর রসায়ন
তোমার সাম্রাজ্যের সমস্ত ধাতব অহংকার গলিয়ে দিয়ে
ফিরে যাবে মাটির প্রাথমিক সূত্রে।
আর ইতিহাসের পরীক্ষাগারে
তোমার নাম পড়ে থাকবে
এক মুঠো অবশেষ-ছাই হয়ে।
........... ........
কবিতা — অম্ল - ইনকিলাব
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশাত্মবোধক কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৩২
এআই বিশ্লেষণ (মূলভাব)
"অম্ল - ইনকিলাব" কবিতায় কবি বিজ্ঞান ও রসায়নের পারিভাষিক শব্দ—যেমন সালফিউরিক, নাইট্রেট, আইসোটোপ ও নিউক্লিয়াসের রূপক ব্যবহারের মাধ্যমে স্বৈরাচারবিরোধী তীব্র বিপ্লবের বার্তা ফুটিয়ে তুলেছেন। শোষিত মানুষের অনাহার ও ক্ষোভ কীভাবে একদিন রাসায়নিক বিক্রিয়ার মতো অন্যায়ের সাম্রাজ্য ছাই করে দেবে, কবিতাটি তারই এক জোরালো প্রতীকী প্রকাশ।