আমি যে গল্প বা যার কথা বলবো, তাঁর নাম আমি নেবো না,
তবু তাঁর জন্য আপনার ভালোবাসা জন্ম নেবে,
অথবা প্রচন্ড ভয়ে আপনার শরীর শিউরে উঠবে,
চোখে ভেসে আসবে ভাঙ্গা ইটে জ্বলন্ত ধোঁয়া।

আমি যদি শুধু বলি- "ভাই সব...",
তাতেই আপনি বুঝে যাবেন, কার কথা বলছি।

আর যদি বলি- "দাবায়া রাখতে পারবা না"
হয়তো এই মুহুর্তে ভয়ে, আতংকে আপনার শরীর কাঁপছে! কোন এক অতিত স্মৃতি মনে পড়ছে।

যদি শুধু একটি মাত্র দৃশ্যের কথা বলি- উঁচিয়ে রাখা সেই তর্জনী।
তাতে হয়তো ভাঙ্গা ইটের দিকে আবার ছুটে যাবেন!
যেখানে আগুন জ্বেলেছিল, ধোঁয়া উঠেছিল।
আর ইতিহাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, নিজেকে কলঙ্কিত করে!
এই সভ্য সমাজ তাদের নির্মমতা দেখিয়েছিল।

আপনারা হয়তো জানেন, সুদূর জাপানের নাগাসাকিতে সাম্রাজ্যবাদের কলঙ্কিত পারমাণবিক বোমা পড়েছিল,
চারপাশে যখন ধ্বংস, মৃত্যু আর বীভৎস ইতিহাস,
সেই ধ্বংসস্তুপের মধ্যেও ঠায় দাঁড়িয়ে ছিল পার্সিমন গাছ,
যা আজ প্রতিটি জাপানি বাড়ির আঙ্গিনায় পাওয়া যায়,
এবং বলে যায়- "ধ্বংসের পরেও জীবন থাকে"।