তুমি,শুধু তুমি
শংকর ব্র হ্ম


কত দূরে আছ তুমি আজ,
আমি তার কিছুই জানি না
তবু তোমার নিবিড় গন্ধ ভেসে আসে নাকে,
তোমার সুরেলা ধ্বনি কানে এসে বাজে
মন আর লাগে না তো, আর কোন কাজে।

তোমার মুচকি হাসির ধার বিঁধে আছে বুকে
তোমার সুতীব্র মায়া কি ভাবে যে সন্মোহিত করে,
তোমার গভীর প্রেম, এখনও আমাকে রাখে ধরে।

এসব জান না তুমি, না জানাই ভাল
জান নাকি, কেমন সুখে আছি আমি?
তবু তুমি যেখানেই, যত দূরে যাও
তত যেন বুকের গভীরে এসে বাসা বেঁধে থাকো
এখানে আমাকে কেন তবে একা ফেলে রাখো?

যত দূরে যাও তুমি, তার চেয়ে কাছে আসে দ্রুত
তোমার প্রগাঢ় মায়া, প্রেমের গভীর গোপন ছায়া
আমাকেই শুধুমাত্র করে পরিস্রুত।