দেবতার থানে ধরে দিয়ে পাঁচসিকে
কিনে নেব ত্রাণ---
. আমরা নই সে চিজ

হানা দিলে বান
. ডেকে তুলে পড়শিকে
চলে আমাদের তদন্ত তজবিজ

পেটে পড়ে টান,
. পড়ুক---
উঁচুতে টাঙাই শিকে
পদ্মপাতায় ভালো করে মুড়ে
মাটির হাঁড়ির মুখ
. হাতের নাগাল থেকে ঢের দূরে
. তুলে রেখে দিই বীজ
এ দুর্দৈবে
অপূর্ব সব সাধনা ও সাধ যদি
. হয় অন্তর্জলি

যদি যায় নিবে
. ফুত্কারে দীপাবলি---
ঝেড়ে ফেলে সব স্বখাতে ফিরবে নদী

জল নেবে গেলে পলি
. সে ভার বইবে---
ঘটাবে ভাঙা ও গড়ার সপ্তপদী ||